দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে অনির্বাচিত সরকার আনার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, নির্বাচন বানচাল করার জন্য এবং একটি অগণতান্ত্রিক সরকার আনার আবার সেই ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে ওয়ান-ইলেভেনের মতো আরেকটি সরকার নিয়ে আসার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আমরাও সুষ্ঠু নির্বাচন চাই, প্রধানমন্ত্রীও বারবার সেটাই বলছেন। তিনি ঘোষণা করেছেন যে, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। সরকার কোনোভাবে নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করবে না। বিদেশ সফরে গিয়েও তিনি এগুলো বলে এসেছেন। কিন্তু বিএনপি নির্বাচনে আসবে না। তারা সরকার ও শেখ হাসিনার পদত্যাগ চায়।
সাবেক এই মন্ত্রী বলেন, আমরা সজাগ না থাকলে কিন্তু মহাবিপদ। ষড়যন্ত্র কিন্তু চলছে, গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্রের ডালপালা চারদিকে বেষ্টিত। আবার এরশাদের কায়দায় কিংবা জিয়ার কায়দায় সরকার আনা যায় কি না এর ষড়যন্ত্র চলছে। তারা বাংলাদেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়।
ড. ইউনূস প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ইউনূস সাহেব উপার্জন করেন বাংলাদেশে। সুদের টাকা হোক আর যেভাবেই হোক, কিন্তু ডোনেশন করে দেন আমেরিকার ডেমোক্র্যাট পার্টিকে, আমাদের এখানে না। সবাই শহীদ মিনার ও স্মৃতিসৌধে যান, কিন্তু তাকে কেউ কখনো দেখেনি। ওয়ান-ইলেভেনের সময় তার ভূমিকা ছিল; বিএনপি আজকে তার পক্ষ নিয়েছে।
তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় তিনি খালেদা জিয়াকেও মাইনাস করতে চেয়েছিলেন ড. ইউনূস। শুধু আমাদের শেখ হাসিনাকেই তিনি মাইনাস করতে চাননি, খালেদা জিয়াকেও মাইনাসের পক্ষে তিনি ছিলেন। তিনি নিজের দল করতে চেয়েছিল। সেই বিএনপি আজকে তার পক্ষে।
আরএ