দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়ালসড়ক) উদ্বোধন হবে শনিবার (২ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মতো আর যানজটে বসে থাকতে হবে না রাজধানীবাসীর।
এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে ইতোমধ্যে বাণিজ্য মেলা মাঠের আশেপাশে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। সকাল থেকেই বাণিজ্য মেলা মাঠে মিছিল নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা আসতে থাকে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে আগারগাঁও এলাকা।
এ সময় শেখ হাসিনার সরকার বার বার দরকার, মেট্রোরেলের সরকার বার বার দরকার ইত্যাদি স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এছাড়া বিএনপি-জামায়াত বিরোধীও স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা।
জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়িতে উড়ালসড়কে উঠবেন। টোল পরিশোধ করে উড়ালসড়কের বিজয় সরণি প্রান্ত দিয়ে নেমে যাবেন আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে। সেখানেও উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে তিনি বক্তব্য দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রোববার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে যানবাহন এতে চলাচল করতে পারবে। তবে পথচারী, মোটরসাইকেল, রিকশা, অটোরিকশাসহ তিন চাকার যানবাহন উড়াল সড়কে উঠতে পারবে না।
উড়ালসড়ক ব্যবহার করতে দিতে হবে টোল। প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ও হালকা ট্রাককে ৮০ টাকা; বাস ও মিনিবাস ১৬০ টাকা, মাঝারি ট্রাক ৩২০ টাকা এবং ভারী ট্রাক বা ট্রেইলরে ৪০০ টাকা টোল দিতে হবে।
আরএ