দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিসাৎ হতে দেওয়া হবে না। চাঁদাবাজি করবেন তাঁরা, আর বদনাম হবে বিএনপির—এটা হতে পারে না। চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই, সমাজে টিকে থাকার অধিকারও নেই। তাঁরা বিএনপির জন্য জঞ্জাল।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজোঁ করে তাঁরা টিকে ছিলেন। আগামী দিনগুলোতেও আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবেন তাঁরা। এরা দলের জন্য আবর্জনা ও বোঝা। আওয়ামী লীগের অপচেষ্টা মোকাবিলায় চাঁদাবাজরা সামনে থাকবে না।
চাঁদাবাজ, মাদক কারবারি ও সন্ত্রাসীরা বিএনপির জন্য জঞ্জাল উল্লেখ করে মন্ত্রী বলেন, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বন্ধ করে তাঁদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
এ সময় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সময়ে দলীয় কিছু নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সরকারের ইতিবাচক কাজগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা যাচ্ছে না। মাঠপর্যায়ে দলের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ এবং হাইব্রিড নেতাকর্মীদের চাপে সাধারণ নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। এতে বিএনপির জনপ্রিয়তায়ও প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মাঠপর্যায়ের এসব পরিস্থিতি সামনে আসায় আইনমন্ত্রীর এই কড়া বার্তা বলে তাঁদের অভিমত।
এমএস/