দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি না, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইন অনুযায়ী পরিস্থিতি মোকাবিলার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে তাণ্ডব চালিয়ে ভেবেছিল, বর্তমান সরকারও তাদের মতো গুলি চালাবে। কিন্তু সরকার তাদের পথ অনুসরণ করবে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডবের বিচার ট্রাইব্যুনালে হবে কি না, সেটিও সরকার খতিয়ে দেখছে।
গণহত্যা চালিয়ে আওয়ামী লীগ ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ নিয়ে দলটির মধ্যে কোনো অনুশোচনা নেই।
এদিকে একই দিন দুপুরে রংপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়ে কথা বলেন। রংপুর বিভাগীয় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ নামকরণ ও উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে। সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেবে।
মীর শাহে আলম বলেন, ‘নতুন করে ভাবার সময় এসেছে। যে সংবিধান সংশোধন হচ্ছে, সেখানে নতুন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করার প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দল ঐকমত্যের মাধ্যমে সেটা করবে, ইনশাআল্লাহ।’
সাবেক ক্ষমতাসীন দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ দিনে পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দু-এক জায়গায় পেট্রলবোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। শহীদ আবু সাঈদসহ অন্য শহীদদের আত্মত্যাগ বিসর্জন দিয়ে আবারও কিছু করার চেষ্টা করছে তারা। তবে এসব করে কোনো লাভ হবে না।
মীর শাহে আলম আরও বলেন, সারা দেশের জনগণের কাছে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা ও গুমের মাধ্যমে দলটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বলে দাবি করেন তিনি। একটি নির্দিষ্ট জেলায় একই ধরনের ঘটনা ঘটিয়ে দলটি আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বিগত অন্তর্বর্তী সরকার দলটিকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সঠিক ও যৌক্তিক ছিল বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূলের নেতারা অংশ নিতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন ইতিমধ্যে সংশোধন করা হয়েছে। এখন থেকে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে হবে। এ নির্বাচনে ‘ধানের শীষ’ বা এ ধরনের কোনো জাতীয় প্রতীক থাকবে না। দলীয়ভাবে সরাসরি মনোনয়ন দেওয়ারও সুযোগ নেই। ব্যানার বা পোস্টারে কেউ কোনো দলের প্রার্থী হিসেবে পরিচয় দিতে পারবেন না। সবাইকে ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে হবে।
এমএস/