দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তার সমর্থকদের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় করতে পাঁচ কেন্দ্রীয় নেতাকে নিয়ে বিশেষ টিম গঠন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ এই টিমে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।
দলীয় সূত্র জানায়, গত বুধবার (২৫ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খুলনা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিশেষ টিমের সদস্যরা। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা।
ওই বৈঠকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার সভাপতি-সম্পাদক অথবা আহ্বায়ক-সদস্য সচিব, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বিশেষ টিমের সদস্যরা এ সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। তাদের সার্বিক সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
ইতিমধ্যে খুলনা ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন টিমের সদস্যরা। এসব বৈঠকে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি, নেতাকর্মীদের সক্রিয়তা, অভ্যন্তরীণ বিরোধ এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সাংগঠনিক সক্ষমতা জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এমজে