দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর নিয়ে দলটির বিবৃতি ও তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মিয়া গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’ বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াতের বিবৃতিতে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি সরাসরি অস্বীকার করা হয়নি। বিবৃতিতে ভারতের প্রসঙ্গও উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, গোলাম পরওয়ারকে রক্ষা করতে গিয়ে জামায়াতকে পুরো ঘটনার দায় নিতে হতে পারে।
রাশেদ খাঁন আরও লেখেন, আগের দিন সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় গোলাম পরওয়ারের আচরণে অসংগতি ছিল। তাঁর দাবি, বৈঠকসংক্রান্ত প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে গোলাম পরওয়ার দ্রুত অন্য প্রশ্নের উত্তর দিতে চলে যান। এ আচরণের সমালোচনা করে জামায়াতের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাঁর বৈঠকের খবরের নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। দলটির সুনাম ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে এ ধরনের খবর প্রকাশ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের ওই বিবৃতিতে অভিযোগের সত্যতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না।
বিবৃতিতে গণমাধ্যমগুলোকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অভিযোগের সত্যতা ও তথ্যের যথার্থতা যাচাই করে প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। পাশাপাশি মিথ্যা প্রচারণা ও অপতথ্য সম্পর্কে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানায় জামায়াত।
এমএম/