দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিরোধী দল যে শর্তগুলো দিয়েছে তা নিয়ে জাতিসংঘের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ এর বাসভবনে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৈঠক শেষে এ কথা বলেন ওবায়দুল কাদের। ।
তিনি বলেন, বিরোধী দল যে শর্তগুলোর কথা বলছে, এসব শর্ত নিয়ে তাদের (জাতিসংঘ) কোনো বক্তব্য নেই। তারা বলেছে, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক। এটা হলে তাদের ভালো লাগবে।
ওবায়দুল কাদের বলেন, আমরাও বলেছি যে, আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেখানে বিএনপির মতো বড় দল আসুক, আমরা সেটি চাই। কারণ নির্বাচন যত প্রতিযোগিতামূলক হবে, নির্বাচনটি দেশে-বিদেশে ততই গ্রহণযোগ্য হবে। তবে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা কারও ওপর জোর করতে পারি না। এটা তাদের ব্যাপার।
তিনি আরও বলেন, নির্বাচন তাদের রাজনৈতিক অধিকার। তারা (বিএনপি) বাংলাদেশের একটি বড় দল, রাজনৈতিক দল হিসেবে এটা তাদের অধিকার। সে অধিকার তারা প্রয়োগ করবে, এটাই আমরা আশা করি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের সঙ্গেও আলাপ করেছি, এটা একটু ভিন্ন। অন্যরা খুব বেশি নির্বাচন রিলেটেড। এখানে তারা (জাতিসংঘ) দেখলাম উন্নয়নের বিষয়টাকে খুব গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, এসডিজি, ডেভলপমেন্ট, বাংলাদেশের ভবিষ্যৎ, এসব নিয়ে তারা জানতে চেয়েছে। আমাদের উন্নয়নমূলক কাজগুলোকে তারা প্রশংসার চোখে দেখছে। এতে তারা খুশি। বাংলাদেশ এতো এগিয়ে যাচ্ছে এবং সামনে কিছু প্রকল্পের উদ্বোধন আছে সেগুলো তারা জানে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের যে উচ্চতা সেটা নিয়েও প্রশংসা করেছে।
বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মো. ফারুক খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।
এফএইচ