দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামীর বক্তব্য ও অবস্থানের সঙ্গে আওয়ামী লীগের বক্তব্যের কোনো পার্থক্য নেই। তাঁর দাবি, জামায়াত ডিসেম্বরকে ঘিরে চূড়ান্ত আন্দোলনের হুংকার দিচ্ছে এবং সরকারকে সহযোগিতা না করে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলনের পথ বেছে নিয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, ‘এ মুহূর্তে আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামীর হুংকার, বক্তব্য ও সরকার পতনের অপচেষ্টা সব এক। আওয়ামী লীগ আর জামায়াতের মধ্যে এ মুহূর্তে কোনো পার্থক্য নেই।’
তিনি বলেন, গত ১৭ বছর বিএনপি ও জামায়াত একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। এখন জামায়াতের উচিত সরকারকে সহযোগিতা করা। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য তারা আওয়ামী লীগের ভাষায় হুংকার দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, ডিসেম্বর বাঙালি জাতির বিজয়ের মাস। অথচ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী সরকার পতনের অপচেষ্টা করছে। জনগণ সব অপচেষ্টা, ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক আন্দোলন রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে রাশেদ খাঁন বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলাম, ইমান ও দেশ পুনর্গঠনের বিষয়ে তিনি ইতিবাচক ভূমিকা রেখেছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, ‘জান্নাতের টিকিট বিক্রিওয়ালাদের বিরুদ্ধে কোরআন-হাদিসের আলোকে বক্তব্য দিয়ে দেশবাসীকে সতর্ক ও সজাগ করেছিলেন হুজুর। সে জন্য সরকার এবং বিএনপির পক্ষ থেকে আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে এসেছি।’
রাশেদ খাঁন বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং দেশ সঠিকভাবে পরিচালিত হওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন। একই সঙ্গে জামায়াতে ইসলামী কেন লংমার্চ করবে, তা নিয়েও তিনি আক্ষেপ প্রকাশ করেছেন বলে জানান রাশেদ খাঁন।
এ সময় চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক মাহবুবে আলম শামীম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খান, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন ও নাজিম উদ্দিন শাহীন এবং হেফাজত নেতা আল্লামা আইয়ুব বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/