দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে বাসায় ৯০০ কেজি ইউরিয়া সার মজুত রাখার অভিযোগে কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-২ মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। আদালতের নেতৃত্ব দেন কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে একটি অটোরিকশায় করে কয়েক বস্তা ইউরিয়া সার মনিরুল ইসলামের বাসায় নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সেখানে অভিযান চালান।
অভিযানে মনিরুল ইসলামের বাসা থেকে ১৮ বস্তা বা ৯০০ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় বিনির্দেশবহির্ভূতভাবে সার মজুত রাখার অপরাধে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার সকালে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন বলেন, ওই ব্যক্তি একজন ডিলারের কাছ থেকে ১৮ বস্তা ইউরিয়া সার নিয়ে তাঁর বাসায় রেখেছিলেন। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সারগুলো জব্দ করা হয় এবং তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সার ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের কাছে সরকারি মূল্যে বিক্রি করা হবে।
অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএম/