দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে ভবিষ্যতের অগ্রাধিকার হওয়া উচিত সবুজ কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক জলবায়ু পদক্ষেপ। বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, ট্রেড ইউনিয়ন নেতা এবং তরুণ কর্মীরা ন্যায়সংগত ও টেকসই রূপান্তরের জন্য জাতীয় ‘জাস্ট ট্রানজিশন’ নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন।
ঢাকায় সোমবার আয়োজিত ‘রোড টু কপ৩০: শেইপিং বাংলাদেশ’স জাস্ট ট্রানজিশন’ শীর্ষক সংলাপে বক্তারা বলেন, জাস্ট ট্রানজিশন অর্থনীতি ও কার্বন নির্গমন হ্রাসের পাশাপাশি মানুষের জীবন, কর্মসংস্থান, সামাজিক ন্যায়বিচার ও মর্যাদার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই শ্রমিক, তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে।
সংলাপের আয়োজন করে পরিবেশবাদী যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল এবং জার্মান থিংকট্যাংক ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস)। এতে সরকার, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী, তরুণ জলবায়ু কর্মী ও গবেষকরা অংশ নেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, 'বাংলাদেশ ইতিমধ্যে নবায়নকৃত জাতীয়ভাবে নির্ধারিত জলবায়ু অবদান (এনডিসি ৩.০)-এ জাস্ট ট্রানজিশন ধারণা সংযুক্ত করেছে। সামাজিক ন্যায়বিচার, মর্যাদাপূর্ণ কাজ ও টেকসই উন্নয়ন একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব।' তিনি উদাহরণ দিয়ে বলেন, খুলনা ও রাজশাহীতে কৃষকেরা নতুন প্রযুক্তি ও উদ্ভাবন গ্রহণ করে পুনরায় ফসল উৎপাদনে সক্ষম হয়েছেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর অতিরিক্ত সচিব একে এম সোহেল বলেন, 'ন্যায়সংগত জলবায়ু রূপান্তর করতে অর্থায়ন, নীতি ও সুশাসনকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশকে কপ৩০-এ জলবায়ু অর্থায়নের সুবিচারের জন্য সক্রিয় হতে হবে।'
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, 'ন্যায্যতা, জবাবদিহিতা ও কার্যকর নাগরিক অংশগ্রহণ নিশ্চিত না হলে রূপান্তর সম্ভব নয়। তরুণ ও শ্রমিকদের এই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আনতে হবে।'
জার্মান ও সুইডিশ দূতাবাসের প্রতিনিধিরা তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন এবং বলেন, ন্যায়সংগত রূপান্তরের সুবিধা যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা বলেন, বিশ্বাস ও সহযোগিতা গড়ে তোলাই হবে ন্যায়সংগত জলবায়ু রূপান্তরের প্রথম পদক্ষেপ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।
সংলাপ শেষে এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গার্ডেস বলেন, 'সরকার, তরুণ, শ্রমিক সংগঠন ও উন্নয়ন সহযোগীরা একসাথে কাজ করলে বাংলাদেশের জাস্ট ট্রানজিশন ভিশন বাস্তবায়িত হবে।'
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলে। এতে বিশ্বনেতারা, বিশেষজ্ঞ ও কর্মীরা ন্যায়সংগত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই জলবায়ু সমাধান খুঁজে বের করবেন।
এমএস/