দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অর্থনীতি নিয়ে আলোচনা মানেই সাধারণত বাজেট, রাজস্ব আয় কিংবা সরকারি ব্যয়ের হিসাব। কিন্তু অর্থনীতির প্রকৃত গতি নির্ধারণে এসব হিসাবের বাইরেও রয়েছে ব্যবসায়িক আস্থা, বিনিয়োগের পরিবেশ, কর্মসংস্থান এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষতা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়। এসব প্রশ্নকে সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। আলোচনায় উঠে এসেছে পুঁজি দেশের বাইরে চলে যাওয়া, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের মধ্যে আস্থার ঘাটতি এবং দেশীয় বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা।
গতকাল শনিবার রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়াম ৮০১-এ ‘সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিধানসমূহের প্রভাব’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামস। সহযোগিতায় ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (ইয়েস)।
আর্থিক নীতি, ব্যবসায়িক আস্থা, বিনিয়োগ এবং বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অর্থসচিবের সঙ্গে অংশ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিল্পখাতের প্রতিনিধিরা ও শিক্ষার্থীরা।
বাংলাদেশের রাজস্বনীতির অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং টেকসই প্রবৃদ্ধির সম্ভাবনা পর্যালোচনার লক্ষ্যে এ সেমিনারে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, ব্যবসায়িক প্রতিনিধি ও শিক্ষার্থীরা একত্র হন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়রুজ্জামান মোজুমদার। মূল আলোচনায় সরকারি ব্যয়, রাজস্ব আহরণ, অর্থনৈতিক উন্নয়ন ও করপোরেট কার্যক্রমের ওপর জাতীয় বাজেটের বিভিন্ন বিধানের প্রভাব তুলে ধরা হয়। এর মাধ্যমে নীতিনির্ধারক ও শিক্ষাঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময়ের একটি ক্ষেত্র তৈরি হয়। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম। বাংলাদেশের করপোরেট খাতে বিস্তৃত অভিজ্ঞতাসম্পন্ন এই বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা এর আগে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সেমিনারে দেওয়া বক্তব্যগুলোতে ব্যবসায়িক আস্থা, বিনিয়োগ এবং জাতীয় নেতৃত্বের দায়িত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। দেশ থেকে পুঁজি বাইরে চলে যাওয়া, ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আস্থার অবনতি এবং দেশীয় বিনিয়োগ উৎসাহিত করার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিতে আস্থা পুনর্গঠনের উপায় হিসেবে একটি বিনিয়োগকারী ফোরাম গঠনের সম্ভাবনাও আলোচনায় আসে।
বক্তব্যগুলোতে আরও গুরুত্ব দেওয়া হয় যে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কেবল সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য ব্যবসায়ীসমাজ ও বৃহত্তর জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণসহ সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সেমিনারে সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী। একাডেমিক আলোচনায় জাতীয় রাজস্বনীতির অগ্রাধিকার, উচ্চশিক্ষা, গবেষণার উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তিকে প্রস্তুত করার মধ্যকার সম্পর্ক তুলে ধরা হয়।
উপাচার্যের প্রস্তুতকৃত আলোচনাসামগ্রীতে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সহযোগিতা জোরদার করার বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে ছিল ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রমে কর-প্রণোদনা, শিল্পপ্রতিষ্ঠানের অর্থায়নে গবেষণার সুযোগ বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক উদ্ভাবনী অবকাঠামোয় বিনিয়োগ সম্প্রসারণ।
এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সহজলভ্য গবেষণা তহবিল, শিক্ষার্থী উদ্যোক্তাদের প্রাথমিক পর্যায়ের অর্থায়ন এবং স্টার্টআপ ইনকিউবেশনে অধিকতর সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়। এসব প্রস্তাবে উচ্চশিক্ষাকে শিল্পখাতের চাহিদা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে যুক্ত করার বিষয়ে সেমিনারের বৃহত্তর লক্ষ্য প্রতিফলিত হয়।
অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা বাংলাদেশের অর্থনীতি ও করপোরেট খাতকে প্রভাবিত করা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
শিক্ষার্থীদের জমা দেওয়া প্রশ্নে একাডেমিক যোগ্যতা ও শিল্পখাতের চাহিদার মধ্যে অসামঞ্জস্য, কর্মসংস্থানে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান প্রভাব এবং মধ্যম আয়ের পরিবারের আর্থিক চাপের বিষয় উঠে আসে।
অন্য প্রশ্নগুলোতে তৈরি পোশাক খাতের ওপর বাংলাদেশের নির্ভরতা, রপ্তানি বহুমুখীকরণের সুযোগ, বৈশ্বিক অর্থনৈতিক অভিঘাত মোকাবিলায় রাজস্বসংক্রান্ত প্রস্তুতি এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের ফলে স্টার্টআপ ও রপ্তানিমুখী প্রতিষ্ঠানের ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়।
আলোচনায় সম্ভাব্য রাজস্ব সংস্কার, আনুষ্ঠানিক করব্যবস্থার পরিধি সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে দায়িত্বশীল প্রযুক্তি গ্রহণে সম্ভাব্য প্রণোদনার বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এফ. জে. মোহাইমেন এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব অধ্যাপক ড. মো. মোখলেছ উর রহমান।
একাডেমিক আলোচনায় আরও অন্তর্ভুক্ত ছিলেন এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন এবং ইকোনমিকস রিসার্চ প্ল্যাটফর্মের পরিচালক ড. এ. কে. এম. আতিকুর রহমান।
নর্থ সাউথ ইউনিভার্সিটির এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের পরিচালক ও অধ্যাপক ড. নাজলী সিদ্দিকীর সূচনা বক্তব্য এবং সেশনের উদ্দেশ্য তুলে ধরার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময়ের শিক্ষকতা, গবেষণা ও একাডেমিক নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন ড. সিদ্দিকী জাতীয় বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত ও তার বিস্তৃত অর্থনৈতিক প্রভাব বোঝার ওপর সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।
অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরীর স্বাগত বক্তব্যের পর অর্থসচিব সরকারি ও করপোরেট খাতে জাতীয় বাজেটের বিভিন্ন বিধান এবং সেগুলোর প্রভাব নিয়ে মূল আলোচনা পরিচালনা করেন। এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য ও অভিজ্ঞ ব্যবসায়ী নেতা হিসেবে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে প্রাতিষ্ঠানিক ও প্রাসঙ্গিক বক্তব্য দেন জনাব এম. এ. কাশেম।
হিসাববিজ্ঞান ও অর্থায়ন বিভাগের সিনিয়র লেকচারার এবং এনএসইউ ইয়েস!-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার জনাব মির্জা এম. ফেরদৌসের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনা পর্ব শেষ হয়। পরে সম্মাননা স্মারক প্রদান ও দলীয় আলোকচিত্র গ্রহণ করা হয়।
এনএসইউ ইয়েস!-এর সহযোগিতায় এনএসইউ এমবিএ/ইএমবিএ প্রোগ্রামসের এ আয়োজন শিক্ষাঙ্গন, সরকার ও করপোরেট খাতের মধ্যে সম্পৃক্ততা জোরদারের প্রচেষ্টাকে প্রতিফলিত করে। রাজস্বনীতি, বিনিয়োগ, শিক্ষা ও উদ্যোক্তা উন্নয়নবিষয়ক আলোচনার মাধ্যমে উদ্যোগটি শিক্ষার্থীদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব বিস্তারকারী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও নীতিগত বিবেচনাগুলো আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয়।
আয়োজকদের পরিচিতি: এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামস নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধীনে পরিচালিত হয়। অধ্যাপক ড. নাজলী সিদ্দিকীর পরিচালনায় প্রোগ্রামগুলো স্নাতকোত্তর ব্যবসায় শিক্ষা, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন এবং সমসাময়িক ব্যবসায়িক ও অর্থনৈতিক বিষয়ে একাডেমিক সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেয়। জাতীয় বাজেট সেমিনারের মতো উদ্যোগের মাধ্যমে প্রোগ্রামগুলো একাডেমিক শিক্ষা ও জাতীয় অর্থনৈতিক নীতিনির্ধারণ এবং বাস্তব ব্যবসায়িক চ্যালেঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করে।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্ট্রাপ্রেনার্স সোসাইটি (এনএসইউ ইয়েস!) নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিচালিত একটি ব্যবসা ও উদ্যোক্তাবিষয়ক সংগঠন। ব্যবসায়িক প্রতিযোগিতা, নেতৃত্ব বিকাশের উদ্যোগ, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের করপোরেট খাতের সঙ্গে সংযুক্ত করা এবং উদ্যোক্তামনস্কতা ও পেশাগত দক্ষতা বিকাশে কাজ করে।
কে