দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের পাশাপাশি উন্নয়ন প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণের নির্দেশ দিয়েছে সরকার। এজন্য, নতুন গাড়ি কেনা, বিদেশে প্রশিক্ষণ এবং নতুন ভবন নির্মাণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একইসঙ্গে মূল বাজেটে নির্ধারিত মোট ব্যয়সীমার বাইরে অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না কোনো মন্ত্রণালয় বা বিভাগ।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলন সংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জারি করা পরিপত্রে অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন এ সংক্রান্ত সই করেছেন।
পরিপত্র অনুযায়ী, সংশোধিত বাজেট প্রণয়নের ক্ষেত্রে পরিচালন ও উন্নয়ন উভয় খাতের ব্যয় মূল বাজেটে প্রদর্শিত মোট ব্যয়সীমার মধ্যে রাখতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না। তবে, অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে একই মন্ত্রণালয় বা বিভাগের বিভিন্ন অপারেশনাল ইউনিট কিংবা অর্থনৈতিক কোডের মধ্যে বরাদ্দ কমানো-বাড়ানো যাবে। এক্ষেত্রে, মূল বাজেটের মোট ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।
সরকারি ব্যয় হ্রাসের অংশ হিসেবে পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে। তবে, কোনো চলমান নির্মাণকাজের অগ্রগতি কমপক্ষে ৭০ শতাংশ হলে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ব্যয় করা যাবে। জরুরি প্রয়োজনে যথাযথ যৌক্তিকতা উপস্থাপন করে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগও কেস-টু-কেস ভিত্তিতে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করতে পারবে।
নতুন যানবাহন কেনার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করা যাবে না। তবে, ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত (টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট) যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন অর্থ বিভাগের অনুমোদনক্রমে কেনা যাবে।
এক্ষেত্রে, অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিকল (এফইভি) হতে হবে। তবে ৮ জুলাই ২০২৬-এর আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ খাতেও বরাদ্দ রাখা যাবে না। পাশাপাশি পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে কোনো বরাদ্দ রাখা নিষিদ্ধ করা হয়েছে। তবে, উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এ বিষয়ে অর্থ বিভাগের ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে।
সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে, অত্যাবশ্যকীয় বিবেচনায় সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা যাবে। এক্ষেত্রে, অর্থ বিভাগের ৮ জুলাই ২০২৬ তারিখে জারি করা পরিপত্র অনুসরণ করতে হবে।
অন্যদিকে আপ্যায়ন, সেমিনার, অনুষ্ঠান ও উৎসব খাতে অপরিহার্য বিবেচনায় অর্থ বরাদ্দ রাখা যাবে। তবে, এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ীভাবে অর্থ ব্যয় করতে হবে। উন্নয়ন বাজেটে পরিকল্পনা কমিশনের অনুকূলে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে সংরক্ষিত সরকারি অর্থও অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া ব্যয় করা যাবে না।
কে