দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মন্ত্রিসভায় অনুমোদনের পরও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ৩১ আগস্ট নতুন বেতনকাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির কথা জানানো হলেও ১০ দিন পেরিয়ে গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, পে-স্কেলের প্রজ্ঞাপনটি এখন আইন মন্ত্রণালয়ের ভেটিং পর্যায়ে রয়েছে।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। ওই দিন মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এর অংশ হিসেবে আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হচ্ছে।
নতুন বেতনকাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত হবে, কোন ভাতা কখন কার্যকর হবে এবং বকেয়া কীভাবে হিসাব করা হবে—এসব বিষয়ে চূড়ান্ত নির্দেশনার জন্য গেজেটের অপেক্ষায় রয়েছেন তারা।
তবে অর্থ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুডিশিয়ারি সার্ভিসের কর্মীরা শতভাগ ভাতা দাবি করেছিলেন। কিন্তু অর্থ বিভাগ এতে সম্মতি দেয়নি। বিষয়টির পূর্ণাঙ্গ সমাধান ছাড়াই মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদন ও ঘোষণা করা হয়েছে। ফলে ওই জটিলতার সমাধান না করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকাশ্যে বিস্তারিত কিছু বলছেন না। ফলে গেজেট প্রকাশে বিলম্বের প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গেজেট প্রকাশের আগে বিভিন্ন খসড়া বা গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বেতন নির্ধারণের সুযোগ নেই। তাই নতুন বেতনকাঠামোর বাস্তবায়ন ও বেতন নির্ধারণের জন্য সরকারি চাকরিজীবীদের অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত প্রজ্ঞাপনের জন্য।
/অ