দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ভারতের ব্যবসায়ীরা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ভারতের এই ব্যবসায়ী সংগঠন প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথকভাবে চিঠি পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে। তবে কত পরিমাণ ইলিশ রপ্তানি করা হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এদিকে বাংলাদেশের ১৮টি প্রতিষ্ঠান ভারতে ইলিশ রপ্তানির জন্য আবেদন করেছে। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে বাণিজ্যসচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের চিঠি পেয়েছি। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানি করা যায়, তা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।’
ভারতীয় ব্যবসায়ীদের চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সালের পর থেকে প্রতি বছর গড়ে পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। তবে ২০১২ সালের পর রপ্তানি বন্ধ হয়ে যায়। পরে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকার শুধু দুর্গাপূজা উপলক্ষে নির্দিষ্ট এক মাসের জন্য ইলিশ রপ্তানির বিশেষ অনুমতি দিয়ে আসছে।
চিঠিতে প্রতি বছর সেপ্টেম্বরের শেষ দিকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও এবার আরও আগে অনুমতি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বরে দীর্ঘ বিরতির পর ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাংলাদেশ। ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন রপ্তানির অনুমোদন দেওয়া হলেও পুরো পরিমাণ রপ্তানি হয়নি। ২০২১ সালে ৪ হাজার ৬০০ টন অনুমোদনের বিপরীতে ভারতে পাঠানো হয় ১ হাজার ২০০ টন ইলিশ।
২০২২ সালে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলেও বাস্তবে রপ্তানি হয়েছে ১ হাজার ৩০০ টন। ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন অনুমোদনের বিপরীতে ভারতে গেছে ১ হাজার ৩০০ টন।
২০২৫ সালে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও রপ্তানি হয়েছে ৫৭৭ টন। সর্বশেষ গত বছর ১ হাজার ২০০ টন রপ্তানির অনুমোদনের বিপরীতে ভারতে গেছে মাত্র ১৫০ টন ইলিশ।
এমএম/