দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের ফুটবল ইভেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে বালক বিভাগের শিরোপা জিতে নেয় সিলেট। অন্যদিকে বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর।
বালক বিভাগের ফাইনালে শুরু থেকেই সিলেট ও ময়মনসিংহের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ তৈরি করলেও কেউ সফল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট। ৫৮ মিনিটে আরাফাত রাফির দূরপাল্লার শটে ময়মনসিংহের রক্ষণে চাপ তৈরি হয়। এর এক মিনিট পর মাঝমাঠ থেকে দুর্দান্ত এক শটে জয়সূচক গোল করেন আরমান খান জিসান। তার একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে সিলেট।
বালিকা বিভাগের ফাইনালে শুরু থেকেই আধিপত্য দেখায় রংপুর। ম্যাচের অষ্টম মিনিটে রাজশাহীর গোলরক্ষক মোসাম্মৎ মিষ্টির ক্লিয়ার করা বল স্মৃতি কিসকোর গায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পর কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন কিসকো।
বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় রংপুর। কিসকোর বাড়ানো ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে তন্বীর সামনে চলে এলে তিনি সহজেই বল জালে পাঠান। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে সুমাইয়ার গোলে ৪-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে রংপুর।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন তিনি।
এমএস/