দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আর স্পিকারের দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছি। যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই প্রয়োজনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনেরও শপথ নিয়েছি। একইভাবে ডেপুটি স্পিকারের শপথেও উল্লেখ রয়েছে, স্পিকারের পদ শূন্য হলে তিনি সেই দায়িত্ব পালন করবেন।’
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, ‘দুপুরে এসে জানতে পারলাম, বিষয়টি সত্য। তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। আমি তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও বর্তমান জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি সব সময় সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।’
রাষ্ট্রপতি অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর বিষয়। তিনি লিখিত পদত্যাগপত্রে তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, বিভিন্ন রোগে ভুগছেন এবং মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। তিনি নিজেই বিষয়গুলো লিখিতভাবে উল্লেখ করায় আলাদা কোনো চিকিৎসা সনদের প্রয়োজন নেই।’
হাফিজ উদ্দিন আরও বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে এ বিষয়ে যে ধোঁয়াশা ছিল, তা দূর হয়েছে। এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্থিরতা তৈরি হবে না। এর আগেও বিভিন্ন সময়ে রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতির পদ কখনো শূন্য থাকে না। সাংবিধানিক প্রক্রিয়াতেই দায়িত্ব পালনের ব্যবস্থা রয়েছে।’
এমএস/