দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, নবনিযুক্ত সাব-ইন্সপেক্টরদের (এসআই) সব ধরনের ভয়ভীতি, প্রভাব, অনুরাগ-অনুকম্পা ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিক হতে হবে এবং নিরপরাধ, বিপন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।
এর আগে আইজিপি ৫০০ প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে শাহরিয়ার হাসান সিজান ‘বেস্ট ক্যাডেট’, সাইফুল ইসলাম ‘বেস্ট অ্যাকাডেমিক’, তৌকির আহমেদ ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’, আশরাফুল ইসলাম ‘বেস্ট সুইমার’ এবং কামরান শেখ ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমান উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (লজিস্টিকস) শুভ কুমার ঘোষ।
মৌলিক প্রশিক্ষণ শেষে ৫০০ জন ক্যাডেট এসআই বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দুই বছরের বাস্তব প্রশিক্ষণে অংশ নেবেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমএম/