দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার আশ্বাস দিয়েছে ইরান। একই সঙ্গে ঢাকা–তেহরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে দেশটি।
মঙ্গলবার ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি ইরান তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এতে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর বৈঠককে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে। পাশাপাশি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও ভুল তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ জানিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে ইরান দূতাবাস।
একই সঙ্গে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড পরিহার করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
এমএস/