দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তীব্র চিকিৎসক সংকটে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা দীর্ঘদিন ধরে ব্যাহত থাকলেও ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)–এ সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নিয়োগ ও গেজেট প্রকাশ এখনো ঝুলে আছে। এতে গ্রামে চাহিদা থাকা সত্ত্বেও ৩ হাজার ৫০০–এর বেশি প্রস্তুত চিকিৎসক কাজে যোগ দিতে পারছেন না। দ্রুত গেজেট প্রকাশ ও পদায়নের দাবি জানিয়েছেন সুপারিশপ্রাপ্ত চিকিৎসকরা।
সোমবার (২৯ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ডা. দেবাশীষ দাশ বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসকের ঘাটতি দূর করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দ্রুত ৪৮তম বিশেষ বিসিএসের আয়োজন করা হয়। তিনি জানান, ২৯ মে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৮ জুলাই লিখিত পরীক্ষা, ১০ সেপ্টেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা এবং ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও তিন মাসের বেশি সময় পার হলেও এখনো গেজেট প্রকাশ হয়নি।
চিকিৎসক সংকটের বাস্তব চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘একটি উপজেলায় শতাধিক রোগীর বিপরীতে মাত্র একজন চিকিৎসক সেবা দিতে হিমশিম খান। এ চিত্র প্রায় সারা দেশের।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। অথচ এই সংকটের মধ্যেই ৩ হাজার ৫০০–এর বেশি সুপারিশপ্রাপ্ত চিকিৎসককে বসিয়ে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানান, দ্রুত নিয়োগের আশ্বাসে অনেকেই এফসিপিএস, এমডি-এমএসসহ উচ্চতর প্রশিক্ষণ কোর্স ছেড়ে দিয়েছেন, কেউ বেসরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। গেজেট ও পদায়নে বিলম্বের কারণে তারা এখন চরম অনিশ্চয়তায় পড়েছেন।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, ‘আমাদের অনেকেই কোর্স, চাকরি ও বাসা ছেড়েছি। এখন গেজেট প্রকাশ না হওয়ায় আমরা অনিশ্চিত অবস্থায় আছি। দ্রুত গেজেট প্রকাশই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ডা. মো. রুহুল আমিন, ডা. মো. রিফাত খন্দকার, ডা. ইশরাত জাহানে ঈসা, ডা. আজাদ হোসেন ও রাতুল বালা বিশ্বাস।
এমএস/