দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম মিয়া জানান, হান্নানের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছে।
রোববার (২১ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম হাসান শাহাদাত।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদির ওপর আক্রমণ হয়। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।
বাইকের নম্বরের সূত্র ধরে তার মালিক হান্নানকে পরদিন বিকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আটক করে র্যাব। এরপর ১৪ ডিসেম্বর সকালে তাকে পল্টন থানায় সোপর্দ করা হয়। ওইদিনই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে হান্নানকে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
রিমান্ড আবেদন শুনানিতে হান্নান আদালতকে বলেন, বাসায় পড়ে থাকায় বাইকটি তিনি শোরুমে বিক্রি করে দিয়েছিলেন। অসুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করা সম্ভব হয়নি।
রিমান্ড চলাকালে তাকে শোরুম মালিকের মুখোমুখি করা হয়। বিআরটিএ-তে তার নামে রেজিস্ট্রেশন করা দুটি গাড়ির তথ্য পাওয়া যায়। এর মধ্যে একটি সুজুকি জিক্সার, অপরটি ইয়ামাহা ব্র্যান্ডের। রিমান্ড শেষে ১৭ ডিসেম্বর হান্নানকে কারাগারে পাঠানো হয়।
এর মধ্যে ডিএমপি জানায়, সিসি ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে গত ১৪ ডিসেম্বর হামলায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট রাজধানীর আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকা থেকে উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।
হত্যায় ব্যবহৃত হোন্ডা হর্নেট মোটরসাইকেলটির প্রকৃত নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো ল-৫৪-৬৫৭৪ জানিয়ে ডিএমপি জানায়, গুলি চালানোর সময় ঢাকা মেট্রো ল-৫৪-৬৩৭৬ নম্বরের ভুয়া প্লেট ব্যবহার করা হয়। অথচ হান্নানের মোটরসাইকেল নম্বরটি সুজুকি ব্র্যান্ডের জিক্সার মডেলের বাইক নিবন্ধিত। এসব বিষয় জামিন আবেদনের শুনানিতে তুলে ধরা হয়।
একইসঙ্গে পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল হান্নান প্রকৃত মোটরসাইকেল মালিক সে নন। নাম্বারের ভুলে তাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আজ জামিন পান তিনি।
এবি/