দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
অবরোধ শুরুর পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একে একে কর্মসূচিতে যোগ দেন। এতে শাহবাগ চত্বর স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে। আন্দোলনকারীরা হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা ‘আপস না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’, ‘এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা স্লোগান দেন।
এর আগে টানা তিন দিনের অবস্থান কর্মসূচি শেষে রোববার (২৮ ডিসেম্বর) রাত ১০টায় কর্মসূচি সাময়িকভাবে প্রত্যাহার করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। সে সময় তিনি চার দফা দাবি তুলে ধরে আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—খুনি, খুনের পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনি চক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারত আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা।
আবদুল্লাহ আল জাবের বলেন, এই চারটি দাবি আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই এগুলো বাস্তবায়ন করতে হবে।
এদিকে, রোববার ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর ইনকিলাব মঞ্চ জানায়, রোববার দুপুর ২টা থেকে ঢাকাসহ দেশের আট বিভাগে অবরোধ কর্মসূচি পালন করা হবে। পরে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে রাত ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।
এমএস/