দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। বিক্ষোভে ওসমান হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুত বিচারের দাবি জানানো হয়।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এসব বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।
ঢাকা
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভে নেমেছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। বিকেল ৫টার দিকে জাতীয় জাদুঘরের সামনের সড়কে তারা বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের অভিযোগ, এই হামলার পেছনে রয়েছে ‘ভারতীয় আধিপত্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির’ প্রভাব।
এছাড়া ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) বিক্ষোভ সমাবেশ হয়েছে। ‘সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
হাদির ওপর গুলির ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান চাকসু নেতারা।
ওসমান হাদির ওপর হামলাকে ‘পরিকল্পিত’ অভিযোগ করে চাকসু ভিপি ইব্রাহিম রনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।
ঝালকাঠি
ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। বিকেল চারটার দিকে ঝালকাঠি–বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা অবরোধ করে।
এতে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা ধরে চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী রুটের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকে পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বরিশাল
হাদির ওপর গুলির প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বরিশালে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সর্বস্থরের জুলাই যোদ্ধাদের ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ
হাদির ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী মঞ্চ। সন্ধ্যায় শহরের শহীদ রফিক চত্ত্বর থেকে সংগঠনটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমিয়ে রাখতে হামলা-হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মাদারীপুর
ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় মাদারীপুরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু করে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
নড়াইল
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যা ৭টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবি করেন।
ব্রাহ্মণবাড়িয়া
হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রতিবাদ মিছিল করেছেন। সন্ধ্যায় জেলা মসজিদ রোড প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ‘ওসমান হাদির ওপর এ হামলা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত।’ তারা এ হামলাকে টার্গেট কিলিং উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান।
লক্ষ্মীপুর
দুর্বৃত্তদের গুলিতে হাদি গুরুতর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। রাত ৮টার দিকে শহরের চক বাজার এলাকা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাজার সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, পরিকল্পিতভাবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা ছাত্রজনতার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ গুলি শুধু হাদিকে করেনি, জুলাই শক্তিকে গুলি করেছে। এদেশের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে গুলি করেছে, অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।
উল্লেখ্য, আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদির ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেলেও এর দুই-একটি অংশবিশেষ এখনো মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। গুলিবিদ্ধ হাদির নিউরোর অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন।
এর আগে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে দেখা যায়, ছোট ছোট দুই-একটি প্রিলেট মানে ছোট পুঁতি থেকেও আরও ছোট ধাতব বলের অস্তিত্ব। অস্ত্রোপচারের সময় সেই রকম একটি প্রিলেট বের করা হয়েছে। আরও দুই-একটি ব্রেনের মধ্যে আছে। এই গুলির কারণে রোগীর ব্রেনের প্রেসার অনেক বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধের পাশাপাশি প্রেসার কমিয়ে আনার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচার শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
এবি/