দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ তুরস্কের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায়। একই সঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও দৃঢ় করার প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে তৌহিদ হোসেন তুরস্ককে ধন্যবাদ জানান বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে সহযোগিতার জন্য। তিনি তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও অর্ধ-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
উপদেষ্টা আরও জানান, সম্প্রতি বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও মজবুত করবে।
প্রতিনিধিদল প্রধান মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন। তিনি আশ্বাস দেন, পারস্পরিক স্বার্থ সংক্রান্ত সব ক্ষেত্রে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।
এমএস/