দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগের সরকারের সময় যেসব ব্যক্তি ছাত্র ও সাধারণ মানুষের গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন, পর্যায়ক্রমে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘অঙ্গীকার করেছিলাম বিচার শুরু করব, আমরা সেই কাজ শুরু করেছি। যারা ছাত্র-জনতা হত্যা ও গুমের সঙ্গে জড়িত, তাদের বিচার হবে। ফ্যাসিস্ট হাসিনাসহ অনেকের বিচার ট্রাইব্যুনালে চলছে। ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত সরকার এ বিচার কাজ আরও এগিয়ে নেবে।’
তিনি আরও জানান, লক্ষ্মীপুরে মাদক নিরাময়কেন্দ্র, নার্সিং কলেজ, সদর হাসপাতালের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন খাতে সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচনের আগে এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা।
মাহফুজ আলম বলেন, ‘নির্বাচনের আগে অবশ্যই হাসিনার দালালদের উৎখাত করতে হবে এবং খুনি হাসিনাসহ তার সহযোগীদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী সপ্তাহেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে বলে আশা করছি। এতে জুলাই শহীদ পরিবারের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রম বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় সূচনা করেছে। ভবিষ্যতের সরকার যদি এসব সংস্কার যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব— যেখানে থাকবে ক্ষমতার ভারসাম্য, আইনের শাসন ও সুবিচার। গুম-খুনের মতো অপরাধ আর ফিরে আসবে না।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহফুজ আলম বলেন, ‘আসুন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ হই। সংস্কার বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করুন। প্রয়োজনে আমরা আবার লড়াই করব, শহীদদের আদর্শ অনুসরণ করব।’
তিনি আরও বলেন, ‘শুধু আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন উৎখাত করলেই হবে না, প্রশাসন, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন অঙ্গনে থাকা ফ্যাসিবাদী প্রভাবকেও বিচারের আওতায় আনতে হবে।’
সভা শেষে মাহফুজ আলম রামগঞ্জের দরিদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও নাগরিকরা।
এর আগে সকালে রামগঞ্জে পৌঁছালে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ও পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এমএস/