দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোট হচ্ছে ব্যালট পেপারে। নির্বাচনে কোনও চ্যালেঞ্জ নেই দাবি করছে নির্বাচন কমিশন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এদিকে এ উপনির্বাচনের পাশাপাশি সোমবার দেশের বেশ কয়েকটি জায়গায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনি এলাকায় আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শনিবার মধ্য রাত থেকে সেখানে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রবিবার দিনগত মধ্যরাত থেকে নিষিদ্ধ রয়েছে বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার, ইজিবাইক চলাচল।
ঢাকা-১৭ আসনের নির্বাচনের বিষয়ে কোনও চ্যালেঞ্জ নেই দাবি করে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সব আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার নির্বাচনি সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবো।
বর্তমান নির্বাচন কমিশন তার মেয়াদে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপনির্বাচনগুলো ইভিএমে করলেও ঢাকা-১৭ আসনের উপনির্বাচন হবে ব্যালটে। তবে প্রতিটি ভোটকেন্দ্রের ভোটকক্ষগুলোতে সিসি ক্যামেরা থাকবে। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০। ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আট জন। তাদের মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।
প্রার্থীদের মধ্যে প্রচারণায় বেশি তৎপর ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহম্মদ আলী আরাফাত, একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের সিকদার আনিসুর রহমান।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে রাজশাহীর বাঘা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। এছাড়া ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এরমধ্যে ২৯টিতে সাধারণ ও ৩৭টিতে উপনির্বাচন হবে।