দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে নগরের বন্দর থানার আনন্দবাজার আউটার রিংরোড সংলগ্ন সাগরতীরে কাশবনের ভেতর থেকে মরদেহটি পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর পরিবার এবং পুলিশ এখনো নিশ্চিত করে বলতে পারছে না এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা।
নিহতের নাম শামীম মকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক করেছেন। শামীমের বাড়ি বরিশাল জেলায় হলেও চট্টগ্রামের বন্দর আবাসিকের বড়পোল এলাকায় তাঁর পরিবারসহ বসবাস করতেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানিয়েছেন, শামীম সাগরতীর কাশবনের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেন। প্রথমে হালিশহর থানা পুলিশ শামীমকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাত দুইটার দিকে শামীমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান জানিয়েছেন, শামীমের দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় পাওয়া গেছে। নিহত শিক্ষার্থী দুপুরে মুঠোফোনে একটি কল পান এবং চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। তবে মুঠোফোনটি বাসায় রেখে গিয়েছিলেন। পুলিশ হত্যাকাণ্ড, আত্মহত্যা বা অন্য কোনো ঘটনায় নিহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সনাক্তের চেষ্টা চলছে। পরিবারও এখনও স্পষ্টভাবে জানাতে পারছে না কীভাবে ঘটনা ঘটেছে।
এমএস/