দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার (৮ জুলাই) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। তবে উদ্বেগ দেখা দিয়েছে ডেঙ্গু নিয়ে। কারণ দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেখানে বৃষ্টির পানি জমে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হওয়ার সম্ভবনা রয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করার ব্যাপারে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা রাখছি আজকের (শনিবার) মধ্যে ছাত্র-ছাত্রীদের ক্লাস উপযোগী করে স্কুল, কলেজ ও মাদরাসা প্রস্তুত করবেন দায়িত্বশীলরা।
অভিভাবকরা জানায়, দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল-কলেজে ময়লা জমেছে। এমন পরিবেশ ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননের জন্য বেশ উপযোগী। এর মধ্যে গত কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে। সুতরাং এবার স্কুলগুলোতে এডিস মশার বিস্তার ঘটতে পারে।
সম্প্রতি ডেঙ্গু আক্রান্ত হয়ে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এমন পরিস্থিতিতে স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা।
এ ছাড়া প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক নুরুল ইসলাম জানায়, ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এর মধ্যে ঈদের ছুটি শেষ। এমতাবস্থায় আমরা ছেলেমেয়েদের স্কুলে যাওয়া নিয়ে চিন্তিত। আশা করব কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুপ্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেবে।
তবে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা। তারা বলছেন, স্কুল-কলেজ খোলার আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেবে সরকার। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েও ভাবনা রয়েছে।
মতিঝিল মডেল স্কুলের অভিভাবক সালাউদ্দিন আহমেদ বলেন, বাচ্চারা স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি করে, দুষ্টুমি করে। স্কুল যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তবে তারা ডেঙ্গু আক্রান্ত হতে পারে। এজন্য বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছি।
গত ২৫ জুন মশাবাহিত রোগ প্রতিরোধে দেশের সব প্রাথমিক স্কুল পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদুল আজহার ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ওই নির্দেশনায় বলা হয়, ঈদুল আজহার ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ সৃষ্টি না হয়, সে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার ছুটি-পরবর্তী অফিস-বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। যাতে করে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজনন না ঘটে। এসব বিষয়ে কার্যক্রম গ্রহণসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।