দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন।
এ ছাড়া বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ (ডোমেস্টিক) বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত ও অনুশাসন পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বগুড়ার সার্বিক উন্নয়ন, বিমানবন্দর, বগুড়া বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর সফরসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা স্থাপনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ টেনে রেজাউল করিম বাদশা জানান, আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে সময় লাগবে বলে আপাতত বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। পাশাপাশি বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ডোমেস্টিক বিমানবন্দর চালুর বিষয়ে অনুশাসন দিয়েছেন।
তিনি বলেন, রানওয়ে কিছুটা সম্প্রসারণ এবং টার্মিনালসংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করে দ্রুততম সময়ে বিমানবন্দরটি চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে তিনি বলেন, আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে শহরের পূর্ব দিকে তিনটি স্থান দেখা হয়েছে। শহর থেকে কিছুটা দূরে হলেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় নেওয়া হচ্ছে। এই তিনটি স্থানের মধ্যে প্রধানমন্ত্রী যেটিতে সম্মতি দেবেন, সেখানেই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুরু হবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধনসহ সংশ্লিষ্ট কর্মসূচি এবং সেখানে একটি জনসভা হতে পারে। এ ছাড়া করতোয়া নদী খননকাজ পরিদর্শন ও জনসভার বিষয়টিও রয়েছে। দিনের শেষে মাগরিবের নামাজের পর শহরের শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা এবং উচ্চশিক্ষা প্রসঙ্গে রেজাউল করিম বাদশা জানান, একটি আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবন নির্মাণের জন্য পুরাতন সিও (উপজেলা) অফিস এলাকায় জায়গা মোটামুটি চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও রয়েছে। পাশাপাশি একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণে প্রায় এক একর জমি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।
এ ছাড়া বগুড়ায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্ভাব্যতা যাচাই ও জমি পরিদর্শনে বগুড়ায় আসবেন।
ব্রিফিংয়ের শেষে বগুড়ার সামগ্রিক উন্নয়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রেজাউল করিম বাদশা।
এমএস/