দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী ঢাকার জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বজায় রেখে নতুন আবাসিক এলাকা গড়ে তোলা হলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।
মনদীপ ঘরাই বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে তোলাই সরকারের লক্ষ্য।
প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বাসসকে বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সব নাগরিক সুবিধাসহ সর্বস্তরের মানুষের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) নথিপত্র অনুযায়ী, বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় ‘সেকেন্ডারি সিটি নির্মাণ’ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য পত্র জারি করেন। কমিটির সদস্যরা চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।
প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু থেকে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে।
স্থানটির অল্প কিছু অংশে—প্রায় ৫ থেকে ৮ শতাংশ—বসতবাড়ি রয়েছে। অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এসব ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড দেখা গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়ক রয়েছে। এর মাধ্যমে সাভারের আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা-মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থা উন্নত হবে।
প্রকল্প এলাকার প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পের দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব করা হয়েছে। সেকেন্ডারি সিটির সব সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প নেওয়া প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মতে, রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে মোহাম্মদপুরের পাশের এ স্থানটি সেকেন্ডারি সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগী। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়ণের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত করা সম্ভব হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে তাদের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ছয় হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের আট বিভাগের ৩৮টি জেলা ও আটটি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ছয় হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ছয় হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্পসহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যের মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।
এমএস/