দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরানীগঞ্জে দ্বীনি আদর্শ, আধুনিক শিক্ষা ও জীবনদক্ষতার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জের হাসনাবাদে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, আলেম-ওলামা, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জয়নাল আবেদীন, শায়েখ মুফতি মুহাম্মাদ আলী, শায়েখ সাদিকুর রহমান আজহারী, শায়েখ মুস্তাফিজ রাহমানী, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, শায়েখ মাওলানা লুৎফর রহমান, শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, মাওলানা শিবলী নোমান ও ক্বারী আব্দুল কাইয়ুম মোল্লা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের পরিচালক হাফেজ মনির উদ্দিন, বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া, হাফেজ মুশফিকুর রহমান, ক্বারী খুবাইব, হাফেজ ক্বারী মাহমুদুল হাসান, ওস্তাদ সিদ্দিকুর রহমান সুমন ও ওস্তাদ তাসনিম আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোজ টিভির পরিচালক আব্দুল্লাহ আল রোমান, আলোকিত জ্ঞানীর পরিচালক সাইফুল ইসলাম, সংগীতশিল্পী মশিউর রহমান ও ওবায়দুল্লাহ তারেক এবং সাইমুম সাদী।
উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত পরিবেশন করে সাইমুম শিল্পীগোষ্ঠী। অতিথিদের পাশাপাশি অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
একঝাঁক প্রসিদ্ধ ইসলামিক স্কলারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমি প্রচলিত শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবমুখী শিক্ষাকে গুরুত্ব দিয়ে সমন্বিত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
প্রতিষ্ঠানটিতে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে সাধারণ শিক্ষার পাশাপাশি রয়েছে পৃথক হিফজ বিভাগ। কোরআন-সুন্নাহভিত্তিক আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলার পাশাপাশি আধুনিক বিশ্বের উপযোগী করে প্রস্তুত করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে প্রতিদিন বাধ্যতামূলক স্পোকেন ইংলিশ ও স্পোকেন অ্যারাবিক শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটারভিত্তিক ব্যবহারিক শিক্ষা, খেলাধুলা, আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, রান্না, জীবনদক্ষতা ও শিষ্টাচার শিক্ষায় গুরুত্ব দেওয়া হচ্ছে।
বয়স ও শ্রেণি অনুযায়ী পরিকল্পিত এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, সামাজিক দায়িত্ববোধ, সৃজনশীল চিন্তাশক্তি ও দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দক্ষতা বিকাশের পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে কেবল পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশের জন্য যথেষ্ট নয়। শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র, সুন্দর আচরণ, আত্মনির্ভরশীলতা, প্রযুক্তিগত জ্ঞান ও সামাজিক মূল্যবোধের বিকাশও জরুরি।
এই লক্ষ্য সামনে রেখে এমন একটি শিক্ষাপরিবেশ গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি, যেখানে শিক্ষার্থীরা একদিকে কোরআন-সুন্নাহর আলোকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে বেড়ে উঠবে, অন্যদিকে আধুনিক জ্ঞান, ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে।
১৫ দিনব্যাপী ভর্তি উৎসব, ফিতে ৪০ শতাংশ ছাড়
প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে ১৫ দিনব্যাপী বিশেষ ভর্তি উৎসবের আয়োজন করা হয়েছে। এ সময় নতুন শিক্ষার্থীদের ভর্তি ফিতে ৪০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
আগ্রহী অভিভাবকদের সন্তানসহ একাডেমি পরিদর্শন, শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা এবং ভর্তি কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের ঠিকানা: প্লট নং ১৭৬২, ব্লক-এ, বসুন্ধরা রিভারভিউ, হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।
ভর্তি ও বিস্তারিত তথ্য: ০১৩৪৭-৫১৪৯০০।
যে আই