দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার ও আর্থসামাজিক কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে প্রাথমিক শিক্ষক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিটিএবি)-এর উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু উপস্থিত অতিথি, শিক্ষক প্রতিনিধি ও আয়োজকদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি যথাযথ সম্মান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এবং সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার। এছাড়া সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাথমিক শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের পেশাগত, প্রশাসনিক ও আর্থিক সমস্যার সমাধানে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা; সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ হিসেবে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং বিভাগীয় প্রার্থী হওয়ার ক্ষেত্রে সময়সীমা বাতিল; মেধাবী শিক্ষক ও কর্মকর্তাদের প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে রাখার স্বার্থে স্বতন্ত্র প্রাথমিক শিক্ষা ক্যাডার গঠন।
এছাড়া প্রাথমিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক প্রাথমিক শিক্ষা হাসপাতাল ও প্রাথমিক শিক্ষা ব্যাংক প্রতিষ্ঠা, উচ্চতর গ্রেড ও বেতনবৈষম্য নিরসন, শিক্ষকদের টাইম স্কেল প্রদান এবং প্রয়োজন অনুযায়ী বেতন সমতাকরণের দাবি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশনাল ঘোষণার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে একজন অফিস সহকারী, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নিরাপত্তাকর্মী নিয়োগের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীর অনুপাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়।
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে বিদ্যমান নিয়োগ ও বদলি নীতিমালা পুনর্বিবেচনা, পূর্ববর্তী সরকারের আমলে রাজনৈতিক কারণে হয়রানিমূলক বদলির শিকার শিক্ষকদের সুবিধাজনক বিদ্যালয়ে বদলির ব্যবস্থা এবং জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়নের দাবিও সম্মেলনে তুলে ধরা হয়। পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জাতীয়করণ থেকে বাদ পড়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে অগ্রাধিকারভিত্তিতে জাতীয়করণ এবং রাজনৈতিক বিবেচনায় হয়রানিমূলক বদলির শিকার শিক্ষকদের ন্যায়সংগত প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে হলে শিক্ষকদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা, কর্মপরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। শিক্ষকদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। তাঁরা শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সম্মেলনে শিক্ষক সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। শিক্ষা, ঐক্য, কল্যাণ ও মর্যাদার মূলনীতি ধারণ করে প্রাথমিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।
কে