দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি বাসা বরাদ্দ নিয়ে সেখানে না থেকে অন্যকে ভাড়া বা সাবলেট দিয়েছেন, এমন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) মধ্যে সব ভাড়াটে ও সাবলেটগ্রহীতাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। একই সঙ্গে বরাদ্দ পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ বাসায় বসবাস করতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের পর কোনো সরকারি বাসায় ভাড়াটে বা সাবলেটগ্রহীতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ-সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এতে বলা হয়, পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী তাঁদের নামে বরাদ্দ করা বাসার এক বা একাধিক কক্ষ কিংবা পুরো ফ্ল্যাট অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন। এ ধরনের কার্যক্রম বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থী।
গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, বরাদ্দ পাওয়া সরকারি বাসার সম্পূর্ণ অংশ কিংবা আংশিক কোনোভাবেই অন্যের কাছে ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। ইতিমধ্যে যাঁরা এ ধরনের চুক্তি করেছেন, তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটে বা সাবলেটগ্রহীতাদের সরিয়ে দিয়ে নিজেরা সেখানে বসবাস শুরু করতে হবে।
নির্দেশনা অমান্য করলে কোনো কারণ দর্শানোর সুযোগ ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তির বাসা বরাদ্দ বাতিল করা হবে। পাশাপাশি বাংলাদেশ বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বিধিমালার ১৪(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের অফিসপ্রধান ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হবে।
আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীর আজিমপুর, মতিঝিল ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ফ্ল্যাট রয়েছে। তবে বরাদ্দ পেয়েও অনেক কর্মকর্তা-কর্মচারী সেখানে বসবাস না করে অন্যের কাছে ভাড়া দিয়ে আসছেন। দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চলার অভিযোগ রয়েছে।
সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে। এর মধ্যে সচিবদের জন্য ১১৪টি সচিব নিবাস ও ৭৯টি বাংলো রয়েছে। এ ছাড়া বিভিন্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত রয়েছে ১৮ হাজার ৮৯৮টি বাসা ও ফ্ল্যাট। এসব আবাসনের বরাদ্দ ও ব্যবহার বিধিমালার আওতায় পরিচালিত হয়।
এমএম/