দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপান সফর শেষে অন্য বিমানে দেশে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের সঙ্গে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭-এর উড্ডয়ন বিলম্বিত হলেও সফরসঙ্গীদের রেখেই দেশে ফেরেননি তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
তিনি জানান, বিমানের যান্ত্রিক ত্রুটি খুব গুরুতর ছিল না। উড্ডয়নের আগে পরীক্ষার সময় ত্রুটিটি ধরা পড়ে। ইঞ্জিনে কোনো সমস্যা ছিল না; বরং বাতাস নিয়ন্ত্রণ ও পাখার ওঠানামার সঙ্গে সংশ্লিষ্ট সফটওয়্যারজনিত ত্রুটি দেখা দিয়েছিল। সেটি মেরামত করতে ফ্লাইটের উড্ডয়নে দেড় থেকে দুই ঘণ্টা বিলম্ব হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, চাইলে প্রধানমন্ত্রী অন্য বিমানে দেশে ফিরতে পারতেন, এমনকি জাপানে অবস্থানও করতে পারতেন। তবে তিনি সফরসঙ্গীদের আশ্বস্ত করেন এবং সবাইকে নিয়ে একই ফ্লাইটে ফেরার সিদ্ধান্ত নেন।
ফ্লাইট বিলম্বের সময় প্রধানমন্ত্রী সফরসঙ্গীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ফ্লাইটে থাকা শিশুদের খাবারের ব্যবস্থা করেন এবং তাদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিত করতে খেয়াল রাখেন বলে জানান আতিকুর রহমান রুমন।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে বিমানের প্রকৌশল দল ও জাপানের কারিগরি বিশেষজ্ঞরা যৌথভাবে ত্রুটি মেরামত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেরামত শেষে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৭টা ৪৩ মিনিটে ফ্লাইটটির পুশব্যাক করা হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ নিরাপদে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে।
এমএম/