দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) এ কমিটি গঠন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
কমিটিতে প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং বিভাগের প্রধানকে সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), উপপ্রধান (ফ্লাইট সেফটি) এবং আইনবিষয়ক ব্যবস্থাপক। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন আইনবিষয়ক ব্যবস্থাপক। প্রয়োজনে বিমানের যেকোনো কর্মকর্তাকে কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে কমিটিকে চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি মেরামত শেষে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তারেক রহমান। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এমএম/