দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার ভুল সংশোধন ও দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য ১৫০ জন সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৬৪ জেলা ও ক্যান্টনমেন্ট এলাকায় তাঁরা এ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসির যুগ্মসচিব আব্দুল হালিম খান এ তথ্য জানিয়েছেন।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদের বিধান অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাঁদের জন্ম এবং ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের অন্তর্ভুক্ত করে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করা হবে। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে জমা দেওয়া দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন নিষ্পত্তির জন্য সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।
ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তাদের কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। তালিকা নিয়ে দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২০ নভেম্বর।
এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ সময় ২৪ নভেম্বর। এরপর ২৫ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
এমএম/