দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’র ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর আগে একই বিতর্কের পর সংস্থাটির এক গবেষণা কর্মকর্তাকে বদলি করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি করা হয়।
বদলির আদেশ অনুযায়ী, এনসিটিবির সহযোগী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) ড. মোহাম্মদ কামরুল হক ভূঞাকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-গণিত) মোহাম্মদ হুমায়ন কবীরকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (বিশেষজ্ঞ-শিক্ষা) মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং সহযোগী অধ্যাপক (ইসলামিক আদর্শ) ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বদলি করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক (ইতিহাস) রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (প্রাণিবিদ্যা) ও গবেষণা কর্মকর্তা মো. মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে, সহকারী অধ্যাপক (সমাজকল্যাণ/সমাজকর্ম) মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে, সহযোগী অধ্যাপক (ইংরেজি) ও বিশেষজ্ঞ আফসানা আইয়ুবকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে এবং সহকারী অধ্যাপক এসএম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়েছে।
আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন থেকেই তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়। সমালোচনার মুখে বই থেকে ছবিটি সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির গবেষণা কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল যোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়।
এক দিনের ব্যবধানে সংস্থাটির আরও ৯ কর্মকর্তাকে বদলি করা হলো। তবে নতুন এই বদলির সঙ্গে পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে তৈরি বিতর্কের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়নি।
এমএম/