দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি করা হয়েছে। মু. আব্দুল্লাহ আল জোবায়ের নামের ওই কর্মকর্তা এনসিটিবির গবেষণা কর্মকর্তা হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি বোর্ডের লাইব্রেরিয়ানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা জোবায়েরকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাঁকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিন অপরাহ্নে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। পাশাপাশি নিজস্ব পিডিএসে লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে, দাঁড়িপাল্লার ছবি নিয়ে বিতর্কের পর ষষ্ঠ শ্রেণির আইসিটি বই থেকে প্রতীকটি বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে এনসিটিবি। এ জন্য গত ২২ অক্টোবর রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে প্রতীকটি সংশোধনের পর শিক্ষার্থীদের মধ্যে আবার বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম জানান, মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে প্রতীকটি পরিমার্জনের পর শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হবে। আপাতত বইটির ছাপার কাজ বন্ধ রাখা হয়েছে এবং বিতরণের জন্য পাঠানো বইও সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
ছাপাখানার মালিকদের তথ্য অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বই প্রায় ৩৮ লাখ কপি ছাপানো হচ্ছে। বিতর্কিত ছবি থাকা বইটির ছাপা, বাঁধাই ও সরবরাহের কাজ আগেই শেষ হয়েছে। ফলে মাঠপর্যায়ে পাঠানো বই সংগ্রহ করে সংশোধন করতে বাড়তি খরচ ও সময় লাগতে পারে।
২০২৭ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের ধারণা তুলে ধরা হয়েছে। পিরামিডটিতে নিচ থেকে ওপরের দিকে উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তর দেখানো হয়েছে। উপাত্ত বোঝাতে পাই চার্ট, তথ্যের জন্য পরমাণু বা নেটওয়ার্কের মতো প্রতীক এবং জ্ঞানের জন্য মানুষের মস্তিষ্কের ছবি ব্যবহার করা হয়েছে। সর্বোচ্চ স্তর প্রজ্ঞা বোঝাতে রাখা হয়েছে দাঁড়িপাল্লার ছবি।
এমএম/