দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠপর্যায়ের ভূমি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন মোবাইল অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত এলাকার মধ্যে অবস্থান করেই হাজিরা দিতে হবে কর্মকর্তা-কর্মচারীদের।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অ্যাপটি উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (PLX)।
যেভাবে কাজ করবে ‘ভূমিদৃষ্টি’
‘ভূমিদৃষ্টি’ অ্যাপের মাধ্যমে ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরা নিশ্চিত করা হবে। প্রতিটি অফিসের জন্য একটি নির্দিষ্ট ভার্চুয়াল ভৌগোলিক সীমানা নির্ধারণ করা থাকবে। কর্মকর্তা-কর্মচারীরা ওই সীমানার ভেতরে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা বা চেক-ইন দিতে পারবেন।
অফিসের নির্ধারিত এলাকার বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না। কেউ ভুয়া অবস্থান বা ‘ফেক লোকেশন’ ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা বা রেড অ্যালার্ট দেখাবে।
অফিসের বাইরে সরকারি কাজে গেলে
দাপ্তরিক তদন্ত, সরকারি দায়িত্ব পালন কিংবা মাঠপর্যায়ে পরিদর্শনের প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অফিসের বাইরে যেতে হয়। এ ক্ষেত্রে অ্যাপের ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। ফলে অফিসের নির্ধারিত এলাকার বাইরে অবস্থানের বিষয়টিও সিস্টেমে নথিভুক্ত থাকবে।
এ ছাড়া অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন করা যাবে। কর্মকর্তা-কর্মচারীদের ছুটির হিসাবও ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
প্রথম ধাপে ৬ জেলার ৬১০ কার্যালয়
প্রাথমিকভাবে দেশের ছয়টি জেলায় ‘ভূমিদৃষ্টি’ অ্যাপের পাইলটিং শুরু হয়েছে। জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম।
প্রথম ধাপে এসব জেলার ৬১০টি ভূমি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অ্যাপটির আওতায় আনা হয়েছে।
পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা (এসি ল্যান্ড কার্যালয়) ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে ‘ভূমিদৃষ্টি’ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের আশা, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং নাগরিকেরা দ্রুত ও কম ভোগান্তিতে সেবা পাবেন।
কেএম