দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে নির্ধারিত অফিস এলাকায় অবস্থান করেই দিতে হবে হাজিরা। অফিসের বাইরে থেকে ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেওয়ার চেষ্টা হলে সেটিও নজরে আসবে কেন্দ্রীয় ব্যবস্থায়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অ্যাপটির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। অ্যাপটি তৈরিতে কারিগরি সহযোগিতা দিয়েছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (PLX)।
যেভাবে কাজ করবে ‘ভূমি দৃষ্টি’
অ্যাপটির প্রধান ভিত্তি হচ্ছে জিও-ফেন্সিং প্রযুক্তি। সহজভাবে, প্রতিটি ভূমি অফিসের জন্য একটি নির্দিষ্ট ভার্চ্যুয়াল সীমানা তৈরি করা থাকবে। কোনো কর্মকর্তা-কর্মচারী ওই সীমানার ভেতর অবস্থান করলে তবেই মোবাইল ফোনে অ্যাপের মাধ্যমে তার হাজিরা দিতে পারবেন। অর্থাৎ, শুধু ফোন থেকে অ্যাপ খুলে চেক-ইন করলেই তার হাজিরা হবে না। কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত অফিস এলাকার মধ্যে থাকতে হবে।
অফিসের বাইরে থেকে হাজিরা দিলে?
অ্যাপটির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে―ভুয়া লোকেশন শনাক্ত করার ব্যবস্থা রয়েছে। নির্ধারিত অফিস এলাকার বাইরে থেকে হাজিরা দেয়ার চেষ্টা করা হলে বিষয়টি স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য হবে না। কেউ ভুয়া লোকেশন ব্যবহার করে হাজিরা দেয়ার চেষ্টা করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা বা অ্যালার্ট চলে যাবে।
অফিসের কাজে বাইরে গেলে কী হবে?
কোনো কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজের জন্য স্বাভাবিকভাবেই অফিসের কাজে বাইরে যেতে পারে। সবসময় অফিসের ভেতরে অবস্থান সম্ভব হয়ে পড়ে না। তদন্ত, সরকারি দায়িত্ব বা মাঠপরিদর্শনের মতো কাজের জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য এটিও রাখা হয়েছে অ্যাপটিতে।
দাপ্তরিক কাজে অফিসের বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারের মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করতে হবে। এতে অফিসের বাইরে অবস্থান করলে বিষয়টি দাপ্তরিক কাজের অংশ কি-না, তা ডিজিটালভাবে নথিভুক্ত হয়ে থাকবে। এছাড়া অ্যাপের মাধ্যমেই ছুটির জন্য আবেদন করা যাবে। ছুটির সব তথ্য ও হিসাবও ডিজিটালভাবে অ্যাপটিতে সংরক্ষণ থাকবে।
প্রাথমিকভাবে ৬ জেলায় কার্যক্রম
প্রাথমিকভাবে দেশের ছয় জেলার ৬১০টি ভূমি কার্যালয়ে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপটির পাইলট কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম। এই পর্যায়ে ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে অ্যাপটির আওতায় নিয়ে আসা হচ্ছে। এই পাইলট প্রকল্পের অভিজ্ঞতা অনুযায়ী পরবর্তীতে দেশের সব বিভাগীয় জেলা-উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণে পরিকল্পনা রয়েছে।
/অ