দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন অনুযায়ী সরকারের সঙ্গে সার্বিক আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যে সম্ভাব্য সূচি দিয়েছে, সেটি চূড়ান্ত নয়। বিষয়টি গণমাধ্যমে কিছুটা ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা শহরের মেগা প্রকল্পের কারণে সৃষ্ট যানজট রোধ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশন আইন অনুযায়ী চলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবিধানিকভাবে ইসির দুটি দায়িত্ব, রাষ্ট্রপতি নির্বাচন ও সংসদ নির্বাচন করা। স্থানীয় সরকার আইন অনুসারে স্থানীয় সরকারগুলোর নির্বাচন হবে। এ আইনে এমন কিছু নেই, যেখানে বলা আছে সরকারের সঙ্গে আলাপ-আলোচনা ব্যতিরেকে করতে পারে। এটি সমন্বয়ের ব্যাপার। নির্বাচন কমিশন সম্ভাব্য সূচি দিয়েছে, এটা হয়তো মিডিয়াতে একটু অন্যভাবে এসেছে। সম্ভাব্য তারিখ ফাইনাল কিছু না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা থাকবেন। সে সভার সিদ্ধান্তের আলোকে ভবিষ্যতে নির্বাচনের তফসিল সাজাবে ইসি। সে পর্যন্ত তো আমরা অপেক্ষা করি।’
ঢাকা শহরের উন্নয়ন প্রকল্পের কারণে যানজট ও জনভোগান্তি কমানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব উন্নয়নকাজ যেন সমন্বিতভাবে হয়, সে জন্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হয়েছে। একটি সংস্থা খোঁড়াখুঁড়ি করার পর আরেকটি সংস্থা যেন একই জায়গায় আবার খোঁড়াখুঁড়ি না করে, সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নগরবাসীর ভোগান্তি কমাতে চলমান উন্নয়নকাজ সমন্বয়ের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ১৫ দিন পর আবার সমন্বয় সভা হবে। বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি এড়িয়ে চলা এবং এক সংস্থার পর আরেক সংস্থা যেন একই এলাকায় খোঁড়াখুঁড়ি না করে, সে বিষয়ে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সময় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি মাঝে মধ্যে কিছু অপতৎপরতা চালায়, যা দৃশ্যমান। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করে ভিডিও ধারণের ঘটনাও ঘটছে।
গুলশানে সাম্প্রতিক মিছিলের বিষয়ে তিনি বলেন, সকাল ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে সেখানে কিছু লোক জড়ো হয়ে মিছিল করেছে। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য থাকলেও পুলিশ হয়তো শুক্রবার ওই সময়ে এলাকায় জুমার নামাজ পড়তে এসে এমন ঘটনা ঘটতে পারে, তা আন্দাজ করতে পারেনি। তবে এটিকে পুলিশের ব্যর্থতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।
সিসি ক্যামেরার ফুটেজ দেখে হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাতজনের মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় একটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করেছে, এতে ভুক্তভোগী দেশবাসী সুবিচার পেয়েছে বলে আমরা মনে করি। আদালতের রায়ের ওপর কোনো মন্তব্য নেই, আদালত স্বাধীন।’
এমএম/