দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেরপুর জেলার দুইটি সংসদীয় আসনের ২৯৯টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে। বুধবার বেলা ১২টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সব ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম বিতরণ শুরু হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, দুই আসনের প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব নির্বাচনী সরঞ্জাম প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরঞ্জাম গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিজ নিজ কেন্দ্রে পৌঁছান।
প্রিসাইডিং কর্মকর্তা লিমন মিয়া বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় সময়মতো নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে নির্বাচনী এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলায় সাড়ে পাঁচ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-১ (সদর) আসনে একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি, যার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৪টি, গুরুত্বপূর্ণ ৪০টি এবং সাধারণ কেন্দ্র ৮১টি।
নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে রয়েছে দুইটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন। এখানে মোট ভোটকেন্দ্র ১৫৪টি, যার মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৫৫টি, গুরুত্বপূর্ণ ৫৯টি এবং সাধারণ কেন্দ্র ৪০টি।
তিনি আরও জানান, দুইটি আসনে ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
এমএস/