দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নির্বাচনের প্রাক্কালে দেশে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ভোটারদের এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত।
তিনি সকলকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে।’
পোস্টের শেষে মহান আল্লাহর সাহায্য কামনা করেন জামায়াত আমির।
এর আগে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার দেশ টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। এদিকে এ ঘটনাকে ঘিরে প্রচারিত তথ্যকে মিথ্যা বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তার কাছে থাকা টাকা নির্বাচনী প্রচারণার কোনো কাজে ব্যবহারের জন্য ছিল না; এটি ছিল তার ব্যবসায়ীক টাকা।
এর আগে বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। তার হ্যান্ড ব্যাগে আনুমানিক ৪০ লাখ বাংলাদেশি টাকা রয়েছে বলে সূত্রে জানা যায়।
সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।
জানা গেছে, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম।
/অ