দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট-বড় সবাই ঠান্ডার প্রভাব অনুভব করছে। তবে শীত এলেই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েন বাবা-মায়েরা, বিশেষ করে ছোট শিশুদের নিয়ে। ঘুমের সময় শিশুকে কীভাবে ঠান্ডা থেকে নিরাপদ রাখা যায় এ প্রশ্নে অনেক সময় বয়স্কদের পরামর্শে শিশুর মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দেওয়া হয়। কিন্তু ঘুমানোর সময় শিশুকে টুপি পরানো আদৌ কি নিরাপদ? এ বিষয়ে কী বলছেন শিশুরোগ বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক।
ঘুমের সময় শিশুকে টুপি পরানো কেন ঠিক নয়?
শিশু বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে ঘুমানোর সময় শিশুকে টুপি পরিয়ে রাখা নিরাপদ নয়। এর পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ।
অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি
শিশুদের শরীর প্রাপ্তবয়স্কদের তুলনায় ভিন্নভাবে কাজ করে। নবজাতক ও ছোট শিশুদের শরীরে Brown Fat বা বাদামি চর্বির পরিমাণ বেশি থাকে, যা শরীরে তাপ উৎপন্ন করে ঠান্ডা থেকে রক্ষা করে। এই চর্বি মূলত ঘাড়, কাঁধ ও পিঠের ওপরের অংশে থাকে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যায়।
বিশেষজ্ঞরা জানান, শিশুর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে মাথার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মাথা ঢেকে রাখলে শরীরের অতিরিক্ত তাপ বাইরে বেরোতে পারে না, ফলে শিশুর শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এসআইডিএস-এর আশঙ্কা
অতিরিক্ত গরম হওয়া ছোট শিশুদের আকস্মিক মৃত্যুর ঝুঁকি বা SIDS (Sudden Infant Death Syndrome)-এর অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। শিশুর মাথা ঢেকে রাখলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
শ্বাসরোধের ভয়
ঘুমের সময় শিশুরা স্বাভাবিকভাবেই হাত-পা নড়াচড়া করে। এতে টুপিটি সরে গিয়ে মুখ বা নাকের ওপর চলে আসতে পারে। ফলে শিশুর শ্বাস নিতে সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।
তাহলে কি মোজা পরানো নিরাপদ?
টুপি পরানোর তুলনায় মোজা পরানো তুলনামূলকভাবে নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা
ঘর যদি খুব ঠান্ডা হয়, তাহলে শিশুকে মোজা পরানো যেতে পারে। উষ্ণ পা শিশুর আরামদায়ক ঘুমে সহায়তা করে। তবে মোজা যেন খুব টাইট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। অতিরিক্ত টাইট মোজা রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে।
সঠিক পোশাক নির্বাচন জরুরি
শিশুর কোমল ত্বকের জন্য সবসময় সুতি বা হালকা কাপড়ের মোজা ব্যবহার করা উচিত। এতে ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তি হয় না। ঘরের তাপমাত্রা যদি আরামদায়ক থাকে, তাহলে মোজা পরানোর প্রয়োজনও নেই।
বিশেষজ্ঞদের পরামর্শ
চিকিৎসকদের মতে, শিশুকে উষ্ণ রাখতে সবচেয়ে ভালো উপায় হলো ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখা এবং হালকা, আরামদায়ক পোশাক পরানো। ঘুমের সময় অতিরিক্ত কিছু পরিয়ে দেওয়ার আগে শিশুর আরাম ও নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
জে আই