দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ খেয়াল হলো হাঁটতে গেলেই পায়ের পাতা ব্যথা অনুভব হচ্ছে। যদিও নিয়মিত হাঁটাহাঁটি থেকে পায়ের পাতা ব্যথা হওয়া অসম্ভব কিছু নয়। এছাড়া জুতার মাপ মানানসই না হলেও অল্প হেঁটেই পায়ে ব্যথা হতে পারে। তবে এই ব্যথাকে গুরুত্ব না দিয়ে দিনের পর দিন পার করে দেন অসংখ্য মানুষ। সারা দিন কাজের পর শারীরিক ক্লান্তি ঘিরে ধরা স্বাভাবিক। তবে দৈহিক কষ্টকে কখনও কখনও অতিক্রম করে যায় পায়ের ব্যথা।
বাড়িতে থাকলে যে পায়ের ওপর চাপ কম পড়ে, তা কিন্তু নয়। বিছানায় না শোয়া পর্যন্ত পুড়ো দেহের ভার পায়ের ওপর থাকে। তাই ছুটির দিন বাড়িতে থাকলেও পায়ের বিশ্রাম হয় না।
ঘুমের সময় পায়ের পেশি যতটুকু আরাম পায়, তা এই ধরনের ব্যথার জন্য যথেষ্ট নয়। অনেকেই পায়ের এই অসহ্য ব্যথা থেকে মুক্তি পেতে হালকা গরম পানিতে, সামান্য লবণ দিয়ে পা ডুবিয়ে রাখেন। ফলে পায়ের পেশি, হ্যামস্ট্রিংয়ের ব্যথা কমে।
চিকিৎসকেরা বলছেন, এই ধরনের ব্যথা নিরাময় করতে শুধু গরম পানি যথেষ্ট নয়। তার জন্য একটি ব্যায়ামের অভ্যাস করা জরুরি। অফিসে কাজ করতে করতে বা বাড়ি ফিরে টিভি দেখতে দেখতে পায়ের নিচে একটি টেনিস বল রেখে ঘোরালেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
পায়ের নিচে বল রেখে ঘোরালে কী উপকার হয়?
পুড়ো শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে থাকা অজস্র টিস্যু এসে জড় হয় পায়ের পাতায়। দেহকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এটি। দেহের ভার বহন করতে করতে, আঘাত গেলে বা অতিরিক্ত চলাফেরা করলে এই টিস্যুগুলো নষ্ট হয়। পায়ের পেশি ক্ষয় হতে শুরু করে এবং যন্ত্রণা শুরু হয়। পায়ের নিচে বল রেখে, চাপ দিয়ে ঘোরালে ওই নির্দিষ্ট অংশের যন্ত্রণা কমে। পেশির ব্যথাও নিয়ন্ত্রণে থাকে।
কী ধরনের বল ব্যবহার করা যায়?
টেনিস বল ছাড়াও গোলাকার এমন অনেক কিছুই ব্যবহার করা যায়। বাড়িতে যদি ফোম রোলার থাকে, বলের বিকল্প হিসেবে তা-ও ব্যবহার করা যায়।
টেনিস বলের বদলে বেসবল, গল্ফ বল ও ক্যামবিস বল ব্যবহার করা যায়। তবে কোন বলটি কার জন্য উপযোগী, তা ব্যথার ধরন এবং পায়ের পাতার জোরের ওপর নির্ভর করে।
ব্যথা খুব বেশি হলে বরফ জমা পানির বোতল পায়ের নিচে রাখতে পারেন। দ্রুত ব্যথা কমাতে সাহায্য করে এটি। তবে ঠাণ্ডা পানির বোতল রাখতে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে টেনিস বল কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন।
কী ভাবে অভ্যাস করবেন এই ব্যায়াম?
টেনিস বল মাটিতে রেখে পায়ের পাতার সাহায্যে চাপ দিয়ে ঘোরাতে থাকুন। একসঙ্গে দু’পা দিয়ে করতে পারেন। আবার আলাদা আলাদা ভাবেও করা যায় এই ব্যায়াম। পায়ে ব্যথা থাকলে প্রথমে মিনিট দুয়েক এই ব্যায়াম অভ্যাস করুন। তারপর ধীরে ধীরে সময় বাড়িয়ে নিতে পারেন। তবে ব্যায়াম শেষে গরম পানিতে কিছুক্ষণ পায়ের পাতা ডুবিয়ে বসতে পারলে ভালো হয়। পানি থেকে পা তুলে ভালো করে মুছে নিতে হবে। সঙ্গে সঙ্গে হাঁটাহাঁটি করা যাবে না। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ে গরম পানি দেওয়া ভালো।
এস/জেডএ