দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে সুস্থ সুন্দর হাসির ওপর। আর এই সুন্দর হাসির জন্য চাই নিয়মিত দাঁতের পরিচর্যা। সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিলে দাঁত সুন্দর ও মজবুত থাকবে দীর্ঘদিন। যদি সঠিক সময়ে দাঁতের যত্ন না নেওয়া হয়, তাহলে দাঁতে বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। যেমন- দাঁত হলুদ হয়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া ও রক্ত পড়া।
খাবারের সঙ্গে দাঁতের সম্পর্ক নিবিড়। দাঁত ভালো রাখতে বেশ কিছু খাবার খেতে বারণ করেন চিকিৎসকেরা। আবার এমন কিছু খাবার রয়েছে, যা মুখের ভেতরের স্বাস্থ্যের জন্যে ভালো।
চিকিৎসকেরা বলেন, সাধারণত ফাইবার বা আঁশযুক্ত খাবার মাড়ি বা দাঁত ভালো রাখতে সাহায্য করে। আবার অনেক খাবার মুখের মধ্যে লালার পরিমাণ বাড়িয়ে তুলতেও সাহায্য করে। দাঁত ভালো রাখার প্রথম এবং প্রধান শর্ত হলো এনামেলের যত্ন নেওয়া। কারণ, দাঁতের ওপর থাকা এনামেলের স্তর কোনোভাবে উঠে গেলেই দাঁত ক্ষয় হতে শুরু করে। তাই দাঁতের যত্নে খেতে হবে এমন কিছু খাবার, যা এনামেলের যত্ন নেয় এবং মুখের ভেতরে ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে।
পানি
দাঁতের যে কোনো সমস্যা প্রাথমিক অবস্থায় সারিয়ে তুলতে পারে পানি। পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে মুখে লালা উৎপন্নের প্রক্রিয়া সাবলীল থাকে। ফলে কোনো খাবার খাওয়ার পর, মুখের লালা স্বয়ংক্রিয় পদ্ধতিতেই দাঁত পরিষ্কার করে ফেলতে পারে।
গ্রিন টি
মুখের মধ্যে ব্যাকটেরিয়ার আক্রমণ রুখে দিতে পারে গ্রিন টি। কোনো কিছু খাওয়ার পরে মুখের দুর্গন্ধ দূর করতে মাউথ ওয়াশ ব্যবহার করেন অনেকেই। তবে হাতের কাছে মাউথ ওয়াশ না থাকলে গ্রিন টি দিয়েই সেই কাজ করে ফেলতে পারেন।
দুগ্ধজাত খাবার
শুধু হাড় নয়, দাঁতের স্বাস্থ্যের জন্যে দুধ, দই, চিজের মতো খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত খাবারে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে যথেষ্ট পরিমাণে। যা সহজে দাঁতের এনামেল নষ্ট হতে দেয় না।
গাজর
প্রাথমিক পর্যায়ে দাঁতের ক্ষয় রোধ করে এনামেল। ভিটামিন এ-র অভাবে এই এনামেল নষ্ট হয়ে যেতে পারে। নিয়মিত গাজর খেলে এই সমস্যা থাকে না। কারণ, গাজরে ভিটামিন ‘এ’ রয়েছে যথেষ্ট পরিমাণে।
পেঁয়াজ
মুখে গন্ধ হওয়ার ভয়ে পেঁয়াজ খান না? কিন্তু অনেকেই হয়তো জানেন না, কাঁচা পেঁয়াজে এমন কিছু উপাদান রয়েছে যা মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারে। দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা হলে সেটাও নিয়ন্ত্রণে রাখতে পারে পেঁয়াজ।
কিউই
মাড়ি ভালো রাখতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ । লেবুজাতীয় ফল, স্ট্রবেরি ছাড়াও কিউইতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে এই ফল।
কাঠবাদাম
কাঠবাদামে ক্যালসিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণ। দাঁতের এনামেল নষ্ট হওয়া আটকাতে ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। মাড়ির জন্যও কাঠবাদাম খাওয়া ভালো।
এস/জেডএ