দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক সময় সাজ বলতে মুখে ক্রিম, হালকা পাউডার, চোখে কাজল আর লিপিস্টিক এতটুকুই। এখন সময়ের সঙ্গে সাজের সংজ্ঞাটাই পাল্টে গেছে। এখন বিবি ক্রিম, ফাউন্ডেশন, আইশ্যাডো, মাস্কারায় মোটামুটি সব মেয়েই রপ্ত হয়ে উঠেছেন। কিন্তু মেকআপের সঠিক নিয়মগুলো জানা না থাকলে সাজ বিপর্যয় ঘটে যেতে পারেল। জেনে নিন কীভাবে সঠিক উপায়ে মেকআপ করে হয়ে উঠবেন অনন্যা।
আইশ্যাডোর সমস্যা
আইশ্যাডো ঠিকমতো ব্লেন্ড করুন। চোখের বাইরের দিকের কোনে গাঢ় শেড লাগান আর চোখের পাতার উপরে, মাঝখানে লাগান হালকা শেড। ব্রাশ দিয়ে মিশিয়ে দিন। দুটো শেডের মধ্যে কোনও স্পষ্ট লাইন যেন না থাকে।
বেশি ব্রোঞ্জারে বিপত্তি
মুখের সেই সব অংশেই ব্রোঞ্জার লাগান যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে। যেমন, কপাল, গালের উপরের হাড়, নাক, ভুরুর উপরে দু’পাশে বুলিয়ে নিন ব্রোঞ্জারের ব্রাশ। সারা মুখে কখনও ব্রোঞ্জার লাগাবেন না।
অতিরিক্ত পাউডার
লিকুইড মেকআপ সেট করা বা মুখের তেলতেলে ভাব কাটাতে পাউডার খুবই কাজের। কিন্তু বেশি পাউডারে মুখ ছাই ছাই দেখাবে, মেকআপও প্যাচি লাগবে।
মিশকালো ভুরু নয়
ভুরু যেমন একদিকে চোখের ফ্রেমের মতো, অন্যদিকে সুন্দর ভুরু মুখকে ধারালোও করে তোলে। কিন্তু সাবধান, পেনসিল দিয়ে ভুরু বেশি গাঢ় করে ফেলবেন না। বেশি কালো ভুরু দেখতে খুব কৃত্রিম লাগে।
ব্লাশারের বাড়াবাড়ি
ব্লাশারের ব্যবহারে একদিকে যেমন মুখ উজ্জ্বল দেখায়, তেমনি অতিরিক্ত ব্লাশারে আপনাকে অদ্ভুত দেখাবে। গায়ের রঙের সঙ্গে মিলিয়ে ব্লাশারের শেড বাছুন এবং লাগানোর পর ভালো করে ব্লেন্ড করে দিন। ফর্সা বা মাঝারি গায়ের রঙের জন্য গোলাপি বা পিচ ঘেঁষা রং, শ্যামবর্ণের জন্য কোরাল, বেরি, অরেঞ্জ বা রিচ ব্রোঞ্জের মতো রং ব্যবহার করুন৷
আইল্যাশ কার্লিং
যদি আইল্যাশ কার্লার ব্যবহার করতে হয়, তবে আইলাইনার বা মাস্কারা লাগানোর আগেই করুন। পরে করলে আইল্যাশ আচমকা ভেঙে যেতে পারে।
ভুল আলোয় মেকআপ
কম বা বেশি আলোয় কখনও মেকআপ করবেন না। তাতে ভুল করে কম ফাউন্ডেশন বা বেশি ব্রোঞ্জার লাগিয়ে ফেলার আশঙ্কা থাকে। সঠিক এবং প্রাকৃতিক আলোতেই মেকআপ করুন।
মেয়াদ ফুরনো মেকআপ নয়
মেয়াদ ফুরনো মেকআপে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মেকআপ যত দামিই হোক না কেন, মেয়াদ ফুরিয়ে গেলে ফেলে দিন।
এফএইচ