দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিজ কার্যালয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার রাজশাহীর উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি দুই মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন আপিল বিভাগ।
ফলে মহিবুল ইসলাম ভূঁইয়ার জামিন আরও দুই মাস স্থগিত থাকছে।
সোমবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মহিবুল ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন মুনসুরুল হক চৌধুরী।
পরে খুরশীদ আলম খান জানান, গত জুলাই মাসে মহিবুল ইসলামকে হাইকোর্ট জামিন দেন। তার বিরুদ্ধে দুদক চেম্বার আদালতে আবেদন জানালে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। এখন আবেদনটি সিপি হিসেবে নিয়মিত বেঞ্চে এলে আজ শুনানি হয়। শুনানি শেষে সিপিটি দুই মাসের জন্য স্ট্যান্ডওভার রেখেছেন আপিল বিভাগ। অর্থাৎ এই দুই মাস তার জামিন স্থগিত থাকছে।
এর আগে গত ১৮ এপ্রিল রাজশাহী মুখ্য মহানগর দায়রা জজ আদালতে (সিএমএম) তাকে হাজির করা হয়। ওই দিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন জানান। তবে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আল আসাদ আশিকুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করেন এবং মহিবুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৪ এপ্রিল দুপুরে রাজশাহী কর ভবনে অভিযান চালিয়ে ঘুষের ১০ লাখ টাকাসহ রাজশাহী কর অঞ্চলের (সার্কেল-১৩) উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করে দুদকের একটি অভিযানিক দল। এ ঘটনায় দুদক রাজশাহী কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) আমিনুল ইসলাম বাদী ১৬১ ধারাসহ দুর্নীতি বিরোধী আইনে মহিবুলের বিরুদ্ধে মামলা করেন।