দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দণ্ডিত জামিনে থাকা বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
সোমবার (৬ মে) চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আমানউল্লাহ আমানের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালত বলেছেন, আগামী ৯ জুনের মধ্যে আমানউল্লাহকে দেশে ফিরতে হবে। এ বিষয়ে আদালতে কমপ্লায়েন্স (প্রতিবেদন) দিতে হবে।
মামলাটিতে ১৩ বছর কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আমানউল্লাহর আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে গত বছরের ৩০ মে হাইকোর্ট রায় দেন। রায়ে বিচারিক আদালতের দণ্ড বহাল রাখা হয়। এ রায়ের অনুলিপি বিচারিক আদালতে গ্রহণের ১৫ দিনের মধ্যে আমানউল্লাহকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়।
গেল বছরের ৭ আগস্ট হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। গত বছরের ১০ সেপ্টেম্বরে আত্মসমর্পণের পর আমানউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ-১ আদালত। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন আমানউল্লাহ আমান, সঙ্গে জামিন আবেদনও ছিল।
মামলার বিবরণে জানা যায়, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমানউল্লাহ দম্পতির বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। একই বছরের ২১ জুন বিশেষ জজ আদালত আমানউল্লাহকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে তিন বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর করে আমানউল্লাহ দম্পতিকে খালাস দেন। এর বিরুদ্ধে দুদক আপিল করে। ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেন। একই সঙ্গে হাইকোর্টে আপিল পুনঃশুনানির নির্দেশ দেওয়া হয়। আপিল বিভাগের এ রায় রিভিউ (পুনর্বিবেচনা) চেয়ে আবেদন করেন আমানউল্লাহ আমান। পরে তা খারিজ করে দেন আপিল বিভাগ।
পুনঃশুনানি শেষে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় গত বছরের ৭ আগস্ট প্রকাশিত হয়। এরপর আমানউল্লাহর স্ত্রী সাবেরা গত ৩ সেপ্টেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন। পুনঃশুনানি শেষে তিন বছর কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি লিভ টু আপিল করেন, জামিন চান। শুনানি নিয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর চেম্বার আদালত থেকে জামিন পান তিনি।
জেডএ