দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনার এক যুগ পর একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ মামলায় খালাস দেওয়া হয়েছে ২২ আসামিকে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. আজিজুল হক এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম লুকুছ মিয়া। তিনি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মিজাজ মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৫ নভেম্বর আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান আবু ছালেক। এ ঘটনায় ১৮ নভেম্বর আবু ছালেকের দুলাভাই মুজিবুর রহমান বাদী হয়ে লুকুছ মিয়াসহ ৩০ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আদালতে ৩০ জনকেই অভিযুক্ত করে চার্জশিট দেয়।
দীর্ঘ এক যুগ পর ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডপ্রাপ্ত লুকুছ মিয়াসহ খালাস পাওয়া ২২ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৫ আসামি এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন এবং দুজন পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘এ রায়ে আমরা খুশি। রায়ের মাধ্যমে দীর্ঘদিন পর হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।’
তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করব।
জেবি