দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সরকারি বাসভবনে বিএনপি-জামায়াতের হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
এক বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, দেশের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত ব্যক্তি শুধু একজন ব্যক্তি নন। তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং বিচার বিভাগের অভিভাবক। তার সরকারি বাসভবনে আক্রমণ পুরো বিচার বিভাগের ওপর আক্রমণ এবং দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকে বাধাগ্রস্থ করার হুমকি প্রদর্শন।
শনিবার বিএনপি-জামায়াতের কর্মসূচির সময় রাজধানীর কাকরাইল এলাকায় প্রধান বিচারপতির সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কোনো সভ্য গণতান্ত্রিক দেশের রাজনৈতিক কর্মসূচি পালনকালে প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ ও ভাঙচুরের এই ঘটনা নজিরবিহীন।
তিনি আরও বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি পূর্বপরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিন মহাসমাবেশের আড়ালে বিএনপির তাণ্ডবলীলার মাধ্যমে আবারও তাদের পুরোনো চেহারা ফুটে উঠেছে। তারা আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ঘৃণ্য হামলা চালিয়েছে এবং পুলিশের একজন সদস্যকে বর্বরোচিতভাবে হত্যা করেছে।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি-জামায়াতের যেকোনো কর্মসূচির বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, আগামীতে রাজনৈতিক কর্মসূচির আড়ালে দেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। জনগণের জানমালের সুরক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এইউ